বিনোদন

শার্লক হোমসের আবহে অরিন্দমের নতুন সিনেমা ‘কলকাতায় শার্লক’

অরিন্দম শীলের নতুন সিনেমা কলকাতায় শার্লক-এর দৃশ্যে অভিনয়শিল্পীরা

কলকাতায় শার্লক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়।

বাঙালির গোয়েন্দা গল্পের প্রতি ভালোবাসার সঙ্গে বিশ্বসাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসকে মিলিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন পরিচালক অরিন্দম শীল। ‘কলকাতায় শার্লক’ নামের এই সিনেমায় শার্লক হোমসের প্রতি এক ব্যক্তির গভীর অনুরাগ, রহস্য অনুসন্ধানের নেশা এবং কলকাতার ঐতিহাসিক পরিবেশকে তুলে ধরা হবে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র জ্যোতিষ্ক। এতে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়। শার্লক হোমসের পর্যবেক্ষণ ক্ষমতা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও রহস্য সমাধানের পদ্ধতির প্রতি জ্যোতিষ্কের প্রবল আকর্ষণ। শুধু হোমসের ভক্ত হিসেবেই নয়, নিজেও একজন স্থানীয় গোয়েন্দা সে। ফলে বাস্তব জীবনের রহস্য অনুসন্ধানের সঙ্গে কাল্পনিক গোয়েন্দা চরিত্রের প্রতি তার মুগ্ধতা মিশে তৈরি হয়েছে গল্পের মূল আকর্ষণ।

জ্যোতিষ্ক চরিত্রটি নিয়ে বিক্রম চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটি তার কাছে বেশ আকর্ষণীয়। শার্লক হোমসের চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের অভিনয় তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। যদিও শার্লক হোমসের বই খুব বেশি পড়েননি তিনি, তবে চরিত্রটি নিয়ে নির্মিত বেশ কয়েকটি সিনেমা দেখেছেন। সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের মতো করে জ্যোতিষ্ককে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

সিনেমায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার শরণজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত। তিনি জ্যোতিষ্কের ঘনিষ্ঠ বন্ধুও। দৃঢ় ব্যক্তিত্ব ও কর্তৃত্বপূর্ণ আচরণের অধিকারী এই পুলিশ কর্মকর্তার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে শারীরিক গঠন, বাচনভঙ্গি ও আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন বনি। এ ক্ষেত্রে পরিচালক অরিন্দম শীল তাকে সহযোগিতা করেছেন।

জ্যোতিষ্কের স্ত্রীর চরিত্রে রয়েছেন ঊষসী রায়। অন্যদিকে অরুণিমা ঘোষ অভিনয় করছেন মেঘমালা চরিত্রে। পেশায় তিনি একজন ময়নাতদন্তকারী চিকিৎসক। চরিত্রটি শান্ত স্বভাবের হলেও এর মধ্যে রয়েছে নানা সূক্ষ্ম দিক। পরিচালকের নির্দেশনায় চরিত্রটির বিভিন্ন বৈশিষ্ট্য বোঝার এবং পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন অরুণিমা।

সিনেমাটির অন্যতম আকর্ষণ এর দৃশ্যায়ন। শার্লক হোমসের গল্পের সঙ্গে এর সম্পৃক্ত এডওয়ার্ডীয় যুগের আবহ এবং বর্তমান কলকাতার মধ্যে একটি যোগসূত্র তৈরি করতে চেয়েছেন পরিচালক। পুরোনো কলকাতার ঔপনিবেশিক স্থাপত্য, ঐতিহ্যবাহী বাড়ি, সরু গলি ও ঘোরানো সিঁড়ির মতো বিষয়গুলো সিনেমার রহস্যময় পরিবেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচালক অরিন্দম শীলের মতে, কলকাতার ঐতিহ্য শুধু উত্তর কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নয়; দক্ষিণ কলকাতাতেও রয়েছে পুরোনো দিনের স্থাপত্য ও স্বতন্ত্র পরিবেশ। সিনেমায় শহরের অতীত ও বর্তমানকে পাশাপাশি তুলে ধরার পরিকল্পনা রয়েছে তার।

‘কলকাতায় শার্লক’ কেবল একটি গোয়েন্দা গল্প নয়। এর মাধ্যমে একজন মানুষ কীভাবে কাল্পনিক কোনো চরিত্রের সঙ্গে নিজের পরিচয়কে একাত্ম করে ফেলেন, সেই মনস্তাত্ত্বিক বিষয়ও অনুসন্ধান করা হবে। শার্লক হোমসের প্রতি জ্যোতিষ্কের মুগ্ধতা তার পেশা, ব্যক্তিগত সম্পর্ক এবং চারপাশের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতে কীভাবে প্রভাব ফেলে, সেটিও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্বসাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসকে কলকাতার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহাসিক পরিবেশে উপস্থাপনের এই উদ্যোগ ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:অরিন্দম শীল গোয়েন্দা বিক্রম চট্টোপাধ্যায় বেনি সেনগুপ্ত শার্লক হোমস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…