আন্তর্জাতিক

ভোটগ্রহণ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, চলছে গণনা

ভোটগ্রহণ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে, চলছে গণনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রাথমিক ফল আসতে শুরু করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা নিতে পারবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি পরিষদের কয়েকটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এসব আসনের কোনোটিই প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রায় ৪৭টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের মধ্যে ছিল না। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নিট তিনটি আসন বাড়াতে হবে।

অন্যদিকে, সিনেটের ১০০ আসনের মধ্যে মঙ্গলবার ৩৫টি আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্তত ৯টি আসনকে ঘিরে রয়েছে বিশেষ নজর। প্রথম ফল হিসেবে ভার্জিনিয়ায় পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার। সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের নিট চারটি আসন বাড়াতে হবে।

নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার সম্ভাবনা দেখছেন জরিপকারীরা। তবে সিনেটের লড়াই চলছে কয়েকটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি অবস্থায়।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা বেশ প্রতিযোগিতাপূর্ণ। অন্য আসনগুলোর ফল পূর্বাভাস অনুযায়ী হলে সংখ্যাগরিষ্ঠতা পেতে এই ৪৭টির মধ্যে ডেমোক্র্যাটদের ১৩টিতে জয় পেলেই চলবে।

তবে সিনেটে ডেমোক্র্যাটদের জন্য পরিস্থিতি কঠিন। দলটিকে নিজেদের বর্তমান সব আসন ধরে রাখার পাশাপাশি দুই বছর আগে ট্রাম্পকে উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী করা অন্তত দুটি অঙ্গরাজ্যে জয় পেতে হবে। এসব অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে আলাস্কা, আইওয়া, কানসাস, নেব্রাস্কা, ওহাইও, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস। জনমত জরিপে এসব অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা সামান্য ব্যবধানে এগিয়ে অথবা প্রতিদ্বন্দ্বিতার কাছাকাছি অবস্থানে রয়েছে।

এদিকে, নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে ফল চ্যালেঞ্জ করতে পারেন ট্রাম্প, এমন আশঙ্কা প্রকাশ করেছেন ডেমোক্র্যাট ও আইনি পর্যবেক্ষকেরা। অতীতে কোনো প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্রের নির্বাচন কারচুপিপূর্ণ বলে দাবি করেছেন তিনি।

বিষয়:ডেমোক্র্যাটিক পার্টি ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান পার্টি সিনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…