হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরা জানিয়েছে, এই বিষয় নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সমালোচনার মুখে বৃহস্পতিবার ১৫ অক্টোবর পেন্টাগনপ্রধান পিট হেগসেথের নেওয়া পরিকল্পনায় আপত্তি জানান ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের উদ্যোগের অবসান ঘটল। একই সঙ্গে ঘনিষ্ঠ মিত্র হেগসেথের সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য মতপার্থক্যের বিষয়টিও সামনে এসেছে।
তবে পেন্টাগনের দাবি, এই বিষয়ে ট্রাম্প ও হেগসেথের অবস্থানে কোনো বিভেদ নেই। টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন হেগসেথ। ২০০৯ সালে এই ঘাঁটিতেই হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করেছিলেন হাসান। বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য কোনো দেশে সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয় বলে জানা যায় না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প ও তার উপদেষ্টারা আগে থেকে অবগত ছিলেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলে তা সন্ত্রাসীদের জন্য শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা হতে পারত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ও হাসানের মতো অপরাধীদের সঙ্গে কীভাবে আচরণ করে, তা বিশ্বকে দেখানো সম্ভব হতো। তবে অনেকেই সরাসরি সম্প্রচার কিংবা অন্য কোনো দৃশ্যমান মাধ্যমে তার মৃত্যুর দৃশ্য দেখতে চান না। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফায়ারিং স্কোয়াডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে তা সরাসরি সম্প্রচার করা হবে না।
হাসানের হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা চাইলে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি উপস্থিত থেকে দেখতে পারবেন। জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের বিরোধী।





