আনাতোলিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আনাতোলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তার ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। ১১ ও ১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। এতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।





