মার্কিন সরকারের খরচ কমাতে একে অন্যের কাজে মুগ্ধ ট্রাম্প-মাস্ক

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের অফিসে ট্রাম্প ও মাস্কের বৈঠকের ছবি, যেখানে তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (এফএএ) কর্মী ছাঁটাই কার্যক্রম শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট এবং এক্স-এর মালিক ইলন মাস্ক এক যৌথ সাক্ষাতকারে মার্কিন সরকারের খরচ কমিয়ে আনার বিষয়টি জানিয়েছেন। এইসময় দুই পক্ষকেই, দুই পক্ষের প্রশংসা করতে দেখা গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফক্স নিউজের সাথে একটি সাক্ষাতকারে ট্রাম্প বলেন, তিনি মার্কিন সরকারের খরচ কমানোর জন্য ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)’-এর নেতৃত্ব দেয়ার জন্য ইলন মাস্ককের সাথে কাজ করতে চেয়েছেন। কারণ তিনি জানতেন মাস্ক এই কাজে তার সহযোগিতা করতে পারবেন।
ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ হোস্ট শন হ্যানিটিকে বলেন, আমি তাকে (ইলন মাস্ক) সম্মান করি, আমি সবসময় সম্মান করেছি। আমি জানতাম না তিনি কিছু বিষয়ে সঠিক ছিলেন। ইলন এমন কিছু কিছু কাজ করেছেন, যা আসলেই উন্নত এবং প্রশংসনীয়।
ফিরতি উত্তরে ইলন মাস্ক বলেন, আমি প্রেসিডেন্টকে ভালোবাসি। আমি আমাদের সম্পর্ক স্বচ্ছ করতে চাই। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প একজন ভালো মানুষ। প্রেসিডেন্টকে মিডিয়াতে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটি সত্যিই আপত্তিজনক।
তিনি বলেন, এই মুহুর্তে, আমি প্রেসিডেন্টের সাথে অনেক সময় কাটিয়েছি এবং একবারও আমি তাকে এমন কিছু করতে দেখিনি যা খারাপ বা নিষ্ঠুর।
ইলন মাস্ক এই পর্যন্ত ডিওজিই -এর প্রায় ২০ হাজার ফেডারেল সরকারী কর্মচারীদের ছাঁটাই করেছে এবং বরখাস্তের জন্য আরও প্রায় ২ লাখ কর্মচারীদের নির্ধারণ করেছেন।
মঙ্গলবার সাক্ষাতকারে ট্রাম্প দাবি করেছেন, ডিওজিই সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার বা মেডিকেড সুবিধাগুলোতে কাটছাঁট না করেই শত বিলিয়ন ডলার সঞ্চয় করতে পেরেছে।
এবারের নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জয়ের পর প্রতিশ্রুতি পূরণে কাজে নেমে পড়েন তিনি। সরকারি ব্যয় হ্রাস কার্যক্রম পরিচালনার জন্য গঠন করেন ডিওজিই। দপ্তরটি পরিচালনার দায়িত্ব দেয়া হয় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে।






