ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কহার ৫০ শতাংশে বাড়ানো নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। ঠিক এমন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে ‘ট্রাম্প নিজেকেই ধ্বংস করছেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনীতিবিদ ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ হ্যাঙ্কি।
আজ (৯ আগস্ট) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এক সাক্ষাৎকারে হ্যাঙ্কি বলেন, ট্রাম্প ভারতসহ বিশ্বের সঙ্গে যে বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন, তাতে তিনি নিজেকেই ধ্বংস করছেন। তার শুল্কনীতি অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। এটি একেবারে বালির ওপর দাঁড়ানো নীতি।

প্রফেসর হ্যাঙ্কির মতে, এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে তাদের কৌশল গোপন রেখে অপেক্ষা করা উচিত। কারণ ট্রাম্পের এই অর্থনৈতিক নীতির কাঠামো ধসে পড়বে, এটা সময়ের ব্যাপার মাত্র। যুক্তরাষ্ট্রে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, কারণ মার্কিনীরা যা ব্যয় করে তা তাদের জাতীয় উৎপাদনের চেয়েও বেশি। সুতরাং ট্রাম্পের এই শুল্কনীতি কোনোভাবেই টেকসই নয়।
উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের পর সেটি দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেন। এর জবাবে ভারত এই সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে কড়া প্রতিক্রিয়া জানায়। এই পদক্ষেপের ফলে ভারতের টেক্সটাইল, সামুদ্রিক পণ্য ও চামড়াজাত শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







