রাশিয়ার সঙ্গে তেল ও জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিলের অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিল পাস হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবে মার্কিন প্রশাসন।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, বুধবার ৭ ডিসেম্বর হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি এই অনুমোদন পেয়েছেন। গ্রাহামের বক্তব্যের বিষয়টি হোয়াইট হাউজের এক কর্মকর্তাও নিশ্চিত করেছেন। প্রস্তাবিত গ্রাহাম–ব্লুমেনথাল নিষেধাজ্ঞা বিলের মাধ্যমে রাশিয়ার তেল, গ্যাস কিংবা ইউরেনিয়াম ক্রয়কারী দেশগুলোর ওপর কঠোর শুল্ক ও ‘সেকেন্ডারি স্যাংশন’ আরোপ করা যাবে।
তিনি আরও বলেন, এসব দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘যুদ্ধযন্ত্রে জ্বালানি জোগাচ্ছে’। শান্তির জন্য ইউক্রেন নানা ছাড় দিচ্ছে, কিন্তু পুতিন কেবল কথার কথা বলছেন এবং নিরীহ মানুষ হত্যা অব্যাহত রেখেছেন। এই প্রেক্ষাপটে বিলটি সময়োপযোগী। আগামী সপ্তাহেই সিনেটে বিলটি নিয়ে ভোট হতে পারে। তবে কংগ্রেসের সময়সূচি ও অন্যান্য আইনগত প্রক্রিয়ার কারণে বিষয়টি এখনও অনিশ্চিত। আগামী সপ্তাহে সরকার পরিচালনার অর্থায়ন সংক্রান্ত একটি বিল নিয়ে সিনেট ব্যস্ত থাকবে এবং তার পরের সপ্তাহে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস উপলক্ষে সিনেটের অবকাশ রয়েছে।
বিলটি পাস হলে মার্কিন প্রেসিডেন্টের হাতে এমন ক্ষমতা থাকবে, যার মাধ্যমে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও খনিজ বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যাবে। লক্ষ্য হলো রাশিয়ার সামরিক কার্যক্রমের অর্থায়নের প্রধান উৎসগুলো বন্ধ করা।







