মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
আজ শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা একাধিক চিঠিতে এই ঘোষণা দেন ট্রাম্প।
ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে কেউ পাল্টা পদক্ষেপ গ্রহণ করে, তবে আরও বেশি শুল্ক আরোপ করা হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনকে পাঠানো চিঠিতে ট্রাম্প লেখেন: ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই দীর্ঘমেয়াদী, বড় এবং স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে সরে আসা জরুরি, যা আপনারা শুল্ক, অ-শুল্ক নীতিমালা এবং বাণিজ্য প্রতিবন্ধকতার মাধ্যমে সৃষ্টি করেছেন।’
ট্রাম্প আরও লেখেন, আমাদের সম্পর্ক দুর্ভাগ্যজনকভাবে কখনোই পারস্পরিক সম্মানের ভিত্তিতে হয়নি।
ভন ডার লেইন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এখনো ১ আগস্টের আগেই একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত। তিনি আরও বলেন, “বিশ্বের খুব কম অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের মতো উন্মুক্ততা ও ন্যায্য বাণিজ্যচর্চার মানদণ্ড মেনে চলে।
তিনি সতর্ক করে জানান, ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ রক্ষায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব, যার মধ্যে উপযুক্ত পাল্টা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।
ইইউ দীর্ঘদিন ধরে ২৭টি সদস্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আশায় ছিল। তবে ট্রাম্পের এ ঘোষণায় ওই আলোচনা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।








