বাংলাদেশ

চকবাজারে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

চকবাজারে ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, আহত ৪ ফায়ার সার্ভিসকর্মী

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বিকেলে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পাশাপাশি প্রায় ১৫০ জন সদস্য কাজ করেন। আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে তিনজন এবং পড়ে গিয়ে একজন ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পোড়া মালামাল ও ধ্বংসস্তূপের ভেতরে লুকিয়ে থাকা আগুন খুঁজে বের করে নেভানোর চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পরও পোড়া মালামালের ভেতরে আগুন জ্বলতে পারে। এ কারণে পুনরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ধিকিধিকি আগুন ও অতিরিক্ত তাপের উপস্থিতি পরীক্ষা করা হচ্ছে। আগুন পুরোপুরি নিভেছে কি না, তা নিশ্চিত করতে এ প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে সোমবার মধ্যরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, আগুন নেভানোর কাজে ১২টি ইউনিটের প্রায় ১৫০ জন ফায়ার ফাইটার নিয়োজিত ছিলেন। তাঁদের সঙ্গে স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজনও সহযোগিতা করেন।

তিনি বলেন, পুরান ঢাকার সরু গলি ও ঘনবসতিপূর্ণ ভবনের কারণে আগুন নেভানোর কাজে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। অনেক জায়গায় পানিবাহী গাড়ি নিয়ে সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয় না।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আগুন লাগা গোডাউনে শিশুদের খেলনা, বিভিন্ন ধরনের খেলনাসামগ্রী, কসমেটিকস ও ব্যাগ ছিল। এসব পণ্যের মধ্যে শিশুদের কাছে জনপ্রিয় ‘ক্লে’ খেলনাও ছিল।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় ইউনিট ও সদস্যসংখ্যা বাড়ানো হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়:আগুন নিয়ন্ত্রণ ঘোষণা চকবাজারে আগুন ফায়ার সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…