আন্তর্জাতিক

আজই কি ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

আজই কি ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?

ছবি : সংগৃহীত।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানে আবার কবে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে নতুন করে তৈরি হয়েছে এই প্রশ্ন। ট্রাম্প তার সর্বশেষ বক্তব্যে, আজই ইরানে হামলা করতে পারে বলে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ভাবছে এবং তা আগামীকালও হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি।

সম্ভাব্য হামলার বিষয়ে সিদ্ধান্ত কতটা এগিয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি, এমনকি আগামীকালও হতে পারে।’ এরপর তিনি বলেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি আপনাদের বলে দেব যে হামলা চালাব কি না?’

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ এখনো রয়েছে। ইরান চাইলে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তেহরান চুক্তি করলেও সেটি মেনে চলবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, তারা সেই চুক্তি মেনে চলবে কি না।

ইরানের পারমাণবিক কর্মসূচিও ট্রাম্পের বক্তব্যে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই তার লক্ষ্য। এর আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছিল, তা দিয়ে দীর্ঘমেয়াদে লক্ষ্য অর্জন নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাকে এটাকে স্থায়ী করতে হবে। আমি এ কারণেই এটি করছি।’

এদিকে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ বেড়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে তিনি কোনো পরিসংখ্যান দেননি।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে ট্রাম্প কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। বরং সামরিক অভিযান ও কূটনৈতিক সমঝোতা—দুই সম্ভাবনাই খোলা রেখেছেন তিনি।

ট্রাম্পের ভাষায়, ‘আমাকে হয়তো বিষয়টি শেষ করে দিতে হবে, অথবা তারা চুক্তিতে পৌঁছাতে পারে। তবে আমি নিশ্চিত নই। যেকোনোভাবেই হোক, জয় আমাদের।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়। পরে যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হলেও সংঘাতের স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা এবং কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা—দুটিই সামনে এসেছে।

বিষয়:ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র যুদ্ধ হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…