গোপালগঞ্জের ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, দিনাজপুরে এএসপি প্রত্যাহার

ফেসবুক পোস্টের স্ক্রিনশট যেখানে গোপালগঞ্জের ঘটনায় ট্রল করে একজন পুলিশ কর্মকর্তার ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে ‘আপত্তিকর পোস্ট’ দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মুশফিক রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
পোস্টের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে গতকাল (১৬ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত দিনাজপুর সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একইসঙ্গে এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের দাবি জানায় নেতাকর্মীরা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানের নিজস্ব ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে একটি আপত্তিকর পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি”।
ফেসবুকে পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাঁরা তাকে দিনাজপুর থেকে প্রত্যাহার ও গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরে পুলিশ সুপার মারুফাত হোসেন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে।






