শনিবার (১৫ আগস্ট) চেন্নাইয়ে আয়োজিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা থালাপতি বিজয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী ছবির একাধিক পরিচিত মুখ। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণানও!
অনুষ্ঠানে বিজয়ের বাবা-মায়ের সঙ্গে অভিনেত্রীর কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আবারো আলোচনায় বিজয়-তৃষার সম্পর্কের সমীকরণ।
যে ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে স্পষ্ট দর্শকাসনের প্রথম সারিতে বিজয়ের বাবা-মায়ের পাশে বসে রয়েছেন তৃষা। তাদের সঙ্গে বেশ সাবলীল ভাবেই কথাবার্তা বলতে দেখা যায় অভিনেত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিদের সঙ্গেও হাসিমুখে কথা বলতে দেখা যায় তৃষাকে। এর আগে চলতি বছরের শুরুতে মুখ্যমন্ত্রী পদে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা।
হুড খোলা গাড়িতে করে অনুষ্ঠানস্থল পরিদর্শন করছিলেন বিজয়, তখন সামনের সারিতে থাকা তৃষা ও তার পরিবারের দিকে তার নজর যায়। বিজয় তাদের উদ্দেশে স্যালুট করেন। পাল্টা তৃষাকেও স্যালুট করতে দেখা যায়। পরে অনুষ্ঠান শেষে বিজয়কে হাত নেড়ে ‘টাটা’ জানান তৃষা এবং বিজয়ও তাকে হাত নেড়ে জবাব দেন।
তৃষা এবং বিজয় দু’জনের কেউই এখনও তাদের সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে দীর্ঘদিন ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা রয়েছে। নানা সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
সেই জল্পনার আগুনে ঘি পড়ে, যখন অভিনেতার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা করেন। গত ৭ আগস্ট সেই মামলা সঙ্গীতা প্রত্যাহারও করেছেন।
সঙ্গীতা বিচ্ছেদের মামলা প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই সমাজমাধ্যমে পর পর দু’টি রহস্যময় পোস্ট করেন অভিনেত্রী তৃষা। তাতেও নতুন করে আলোচনায় উঠে এসেছিল বিজয়-সঙ্গীতার দাম্পত্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সঙ্গীতা। তাদের বিয়ে হয় ১৯৯৯ সালে। তাদের দুই সন্তান রয়েছে জেসন সঞ্জয় এবং দিব্যা শাশা।










