ক্রিকেট

টানা জয়ে এগিয়ে থাকল পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তানের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ক্রিকেটাররা টানা জয়ে উল্লাস করছে, মাঠে খেলা চলছে, বাংলাদেশি ক্রিকেটাররা ব্যাট হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের পর স্বাগতিক নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে পাকিস্তান। টানা জয়ে ৪ পয়েন্ট তুলে ফাইনালের পথে এগিয়ে থাকল বাবর আজমের দল।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের দেয়া ১৪৮ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে পেরিয়ে যায় পাকিস্তান। বাবর আজমের ৫৩ বলে ৭৯ রানের ইনিংসে কিউইরা হারে ৬ উইকেটের বড় ব্যবধানে।

মাঝারি লক্ষ্যে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর দারুণভাবে এগিয়ে নেন পাকিস্তানকে। দলীয় ৩৬ রানে রিজওয়ান ৪ রান করে ফেরার পর শান মাসুদও ব্যর্থ হন। রানের খাতা খুলতে না পারা এ বাঁহাতি ব্যাটার ব্লায়ার টিকনারের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। কিউইদের হয়ে বোল্ট-সাউদির একটি করে শিকার ছাড়াও দুটি উইকেট তুলে নেন টিকনার।

চতুর্থ উইকেট জুটিতে ৬৫ রান আনেন সাদাব খান ও বাবর। ২২ বল দুইটি করে চার-ছক্কায় ৩৪ রান করে ফেরেন সাদাব। বাকি পথ নওয়াজ ও হায়দার আলীকে নিয়ে নির্বিঘ্নে পেরিয়ে যায় বাবর। ৫৩ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের অধিনায়ক। হাঁকান ১১টি চারের মার। শেষদিকে ২ বলে ১০ রান করে জয়ের নোঙর দ্রুত ভেড়ান হায়দার।

এরআগে, টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা শুরুর দিকে ফিন অ্যালেনকে হারালেও তৃতীয় উইকেটে পঞ্চার্ধ্বো রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ৩৫ বলে ৩৬ রান করে কনওয়ে ফেরার পর চারে নামা গ্লেন ফিলিপসও পাননি বড় সংগ্রহ। ৩০ বলে ৩১ রান করেছেন কিউই অধিনায়ক।

রান পেতে ধুঁকতে থাকা স্বাগতিকদের মিডল অর্ডার ধসিয়ে দেন হারিস রউফ। জিমি নিশাম, মাইকেল ব্রাসওয়েল, ইশ সোদিদের ব্যর্থতার দিনে ১৬ বলে ৩২ রানের ক্যামিও খেলেন মার্ক চাপম্যান।

পাকিস্তানের তিন পেসার— হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি ও মোহাম্মদ ওয়াসিম মিলে নিয়েছেন কিউইদের ৬ উইকেট। দুটি উইকেট তুলে স্বাগতিকদের দেড়শ’তে যেতে দেননি স্পিনার মোহাম্মদ নওয়াজ।

আগামীকাল রোববার ১২টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিষয়:ক্রাইস্টচার্চ ত্রিদেশীয় সিরিজ নিউজিল্যান্ড পাকিস্তান বাবর বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…