মিনহাজের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল পাকিস্তান
পাকিস্তান-শ্রীলঙ্কা-ইংল্যান্ড ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

পাকিস্তান-শ্রীলঙ্কা-ইংল্যান্ড ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে পাকিস্তান। সুবাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে টানা জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। আরাফাত মিনহাজ ব্যাট হাতে ফিফটির পর বল হাতেও নজরকাড়া পারফরম্যান্স করে একাই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এ অলরাউন্ডারের হাতে। এ জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করে ফাইনালে এক পা দিয়ে রাখল পাকিস্তান।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে। জবাব দিতে নেমে ৩৮.৪ ওভার ব্যাট করে ২১৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। পাকিস্তান জয় তোলে ৮৭ রানে।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে দুই ওপেনার টম ব্যান্টন ও বেন ডাকেট। দলীয় ৯১ রানে বেন ডাকেট আউট হন, ৫৩ বলে তার থেকে আসে ৫৭ রান। ডাকেটের পরে অপর ওপেনার ব্যান্টনও ৪৬ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর জো রুট ও স্যাম কারেন মিলে কিছুটা রান বাড়ালেও দ্রুত সাজঘরে ফেরেন রুট।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার ডাকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে আরেক ওপেনার ব্যান্টনের থেকে। এছাড়া ৩৩ রান করে রুট ও ২৭ রান করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান কারেন।
পাকিস্তানের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আরাফাহ মিনহাজ মাত্র ৮.৪ ওভার বল করে ৪০ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন। এছাড়া হারিস রউফ ২টি এবং নাসিম শাহ নেন একটি উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে সাজঘরে ফেরেন ওপেনার ফখর জামান। এরপর সাইম আইয়ুব ৮ রান করে আউট হন। তবে অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও উইকেটকিপার সাদ বেগ প্রাথমিক চাপ সামাল দেন। বাবর আজম ৩৪ রানে আউট হলে আবারও চাপে পড়ে পাকিস্তান।
তারপর দলের হাল ধরেন হাসান নাওয়াজ ও আরাফাত মিনহাজ। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুই ব্যাটার ৭৮ রানের জুটি গড়েন। হাসান ৭৪ বলে ৭৯ রান করে সাজঘরে ফেরেন। শেষের দিকে মিনহাজ ও ফাহিম আশরাফের সাথে ৭২ রানের আরেকটি জুটিতে গড়লে বড় সংগ্রহ পায় পাকিস্তান। মিনহাজ ৫৮ বলে ৫৯ রান করে আউট হন। অন্যদিকে ফাহিম আশরাফের ২৬ বলে ৩৯ রানের ঝড় ইনিংসে ৩০২ রান সংগ্রহ করে শাহিন আফ্রিদীর পাকিস্তান।
ইংল্যান্ডের সনি বেকার ৬৫ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। গাস অ্যাটকিনসন ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। বাকি চার বোলার একটি করে উইকেট নিয়েছেন।






