এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে আয়োজিত ‘দ্য আর্ট অব দ্য ডিল: আমেরিকান এক্সেলেন্স ইন নেগোসিয়েশন স্কিলস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের নামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অনুষ্ঠানে রাষ্ট্রদূত যোগাযোগ, নেতৃত্ব এবং আলোচনার (নেগোসিয়েশন) দক্ষতায় প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণদের স্বীকৃতি দেন।
চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনায় সহায়তা করেন যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষা বিশেষজ্ঞ জোএন মুনিস্টেরি। এতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অ্যাকসেস ইংলিশ প্রোগ্রামের ৬০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দ্য আর্ট অব দ্য ডিল বইয়ে বর্ণিত আলোচনার নীতিমালা তুলে ধরা হয়। পাশাপাশি নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ এবং গঠনমূলক সংলাপ পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আমেরিকান কৌশল ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের মধ্যে নেতৃত্ব, সমঝোতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা ভবিষ্যতে বিভিন্ন পেশাগত ও সামাজিক ক্ষেত্রে কার্যকর আলোচক ও সিদ্ধান্তগ্রহণকারী হিসেবে ভূমিকা রাখতে পারেন।







