এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।
রোববার (৭ জুন) সকালে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী মালগাড়ি সকাল ৬টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের তিনটি ট্যাংকারের চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে খুলনা ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত ট্যাংকারগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, এর আগে গত ২১ মে একই এলাকায় আরেকটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল।







