কক্সবাজারে ইজিবাইকের ধাক্কায় পর্যটক নিহত

ছবি: সংগৃহীত
কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ইজিবাইকের (টমটম) ধাক্কায় আফরিন সুলতানা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সরকারি ছুটিতে পরিবারের সঙ্গে মহেশখালীতে বেড়াতে এসে প্রাণ হারায় শিশুটি।
নিহত আফরিন সোলতানা নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পর্যটক আল আমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় আফরিন। পরে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আফরিনের বাবা আল আমিন বলেন, সরকারি ছুটির দিনে পরিবার নিয়ে একটু ঘুরতে এসেছি। বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শিশুকন্যাকে হারালাম।
ইজিবাইক চালকের নাম তাকিন। তিনি মহেশখালীর চরপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আজমের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ইজিবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।






