বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলে, অথচ আওয়ামী লীগই এই সংবিধানকে ধ্বংস করেছে। চতুর্দিকে দুর্নীতি, গণতন্ত্রকে ধ্বংস করে তারা বলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেবে! অগ্নি সন্ত্রাসের হোতা এই আওয়ামী লীগ।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার মানুষের দাবি, এবার এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর অন্যায়-অত্যাচার মেনে নেয়া হবে না।
সমাবেশে বিএনপির নেতা আমির খসরু বলেন, আওয়ামী লীগ এখন সমাবেশ করে প্রমাণ করতে চাচ্ছে তাদের সঙ্গে জনগণ আছে, কিন্তু লাভ নেই। আমাদের কাছে বন্দুক নেই রাইফেল নেই, আছে বাংলাদেশের জনগণ। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথে থাকবে।
দলটির নেতা মির্জা আব্বাস বলেন, কয়েক হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। চুরির টাকা ফেরত আনেন, সিন্দবাদের বুড়ার মতো সরকার মানুষের ঘাড়ে উঠে বসেছে, কিন্তু লাভ নেই সরকারের পতন হবেই। লড়াই করবো যুদ্ধ করবো এই হোক আমাদের শপথ।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, কয়েকজন নেতার মৃত্যুর প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ আরো কিছু দাবিতে এই বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনই বিএনপি নেতাদের মূল দাবি।
আগামী শনিবার সিলেটে পরবর্তী সমাবেশ করবে বিএনপি।








