বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রাসহ নানা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব, ডিবি ও সোয়াট সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং নিয়ন্ত্রিতভাবে প্রবেশ নিশ্চিত করা হচ্ছে।
শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পর ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে থাকা গোয়েন্দা সদস্যদেরও ভিড়ের মধ্যে নজরদারিতে সক্রিয় থাকতে দেখা গেছে।
চারুকলা অনুষদ, দোয়েল চত্বর, টিএসসি ও আশপাশের এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কোথাও কোথাও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। পুরো ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান, শোভাযাত্রাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে সবসময় নজরদারি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হয়েছে। চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু হয়ে এটি শাহবাগ থানার সামনে গিয়ে ঘুরে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়।







