দর্শকের অভূতপূর্ব সাড়া ও বাড়তি চাহিদার কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবারও বড়পর্দায় ফিরছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’সহ মোট তিনটি সিনেমা।
শুধু ‘রইদ’ নয়, দর্শকদের জন্য আগামী শনিবার (১৫ আগস্ট) জাতীয় নাট্যশালার মূল হলে টিকিটের বিনিময়ে প্রদর্শিত হবে আরও দুটি সিনেমা—‘মাস্তল’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’। প্রতিটি প্রদর্শনীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
সম্প্রতি শিল্পকলা একাডেমির তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’-এ ‘মাস্তুল’-এর বিনামূল্যের প্রদর্শনী ঘিরে তুমুল দর্শকসমাগম হয়। গত ১০ আগস্ট জাতীয় চিত্রশালা মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনীর আগে থেকেই দীর্ঘ সারি দেখা যায়। দরজা খোলার অল্প সময়ের মধ্যেই হলের সব আসন পূর্ণ হয়ে যায়। এরপরও দর্শকের উপস্থিতি অব্যাহত থাকায় অনেকে সিঁড়িতে বসে সিনেমাটি দেখেন। এমনকি প্রথম সারির সামনের মেঝে ও যাতায়াতের পথেও জায়গা করে নেন দর্শকরা। হলের বাইরে জায়গা না পাওয়া অনেককেও অপেক্ষা করতে দেখা যায়।
সেই হাউজফুল প্রদর্শনীর পরই এবার রইদ, মাস্তুল ও দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল আবারও দেখার সুযোগ তৈরি হচ্ছে টিকিট শোতে। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে ১৫ আগস্ট জাতীয় নাট্যশালার মূল হলে বিশেষ এই আয়োজন করা হচ্ছে।
এদিন বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’-এর প্রদর্শনী। এরপর সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘মাস্তুল’। রাত ৮টায় পর্দায় উঠবে ‘রইদ’। প্রতিটি সিনেমার জন্য আলাদা টিকিটের মূল্য ১০০ টাকা।








