অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের নির্দেশে বিশৃঙ্খলা অরাজকতা নৃশংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে, সেইসব নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।
রোববার (১১ আগস্ট) সাম্প্রতিক ঘটনায় গুরুতর আহত হয়ে বাংলাদেশ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষকে মারতেই মরণঘাতি অস্ত্র তুলে দেয়া হয়েছিল পুলিশের হাতে। যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, অতীতের স্বৈরাচার আবার ফিরে এসেছে, এমন কোনো নজির বিশ্বের কোথাও নেই। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আবু সাঈদকে হত্যার দায়ী রংপুরের পুলিশ কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।








