কুষ্টিয়া

সকল বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

নেতাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন সাংবাদিক ও নেতাদের মধ্যে সংলাপ ও প্রশ্নোত্তর পর্বের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামীবছর থেকে বিশ্বের অন্যান্য দেশের মত সকল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি মাত্র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।

মন্ত্রী আজ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে কিছু সমস্যা হয়ই, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হয়েছে।

র‍্যাগিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, র‍্যাগিং একেবারেই নিষিদ্ধ। সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে র‍্যাগিং বন্ধ করার চেষ্টা করছি। অন্যান্য সামাজিক সমস্যার মতই একটি সমস্যা র‍্যাগিং। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে বলিয়েই হবে না। এর বিরুদ্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সবাই চাওয়া সত্ত্বেও, আইন থাকা সত্তেও বিশ্বের অনেক জায়গায় এখনও র‍্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারো কাম্য নয়। র‍্যাগিং বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, স্থানীয় দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা প্রমুখ।

উল্লেখ্য, ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্টিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ১৮টি কলেজ অংশ নিয়েছে।

বিষয়:দীপু মনি র‍্যাগিং শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…