চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এসময় ভবনের ওপর ও নিচতলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও স্থানীয়দের প্রচেষ্টায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ওই বাসায় অগ্নিসংযোগের ঘটনায় ভেতরের সবকিছু পুড়ে গিয়েছিল। অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই দুর্বৃত্তরা আবার আগুন দেয়।
এদিকে, একই রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ গ্রামে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাড়িটির অধিকাংশ পুড়ে যায়।
পরে রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়। সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






