বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখনও গণতন্ত্র আমাদের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই দেশে সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যায়।
আজ ১৫ আগস্ট শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একথা বলেন।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির নয়, গোটা জাতির অভিভাবক। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই তার জন্মদিন পালন করি।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।







