খান মো. জহুরুল হক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতে ভোটকেন্দ্রে পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামের একজন গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (৬ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ৮টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঠ বাগান থেকে পুলিশ ওই গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে। তিনি বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে।
এলাকাবাসী জানিয়েছেন, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত রাজবাড়ী-২ নির্বাচনী এলাকার বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাড়ি থেকে বের হন। তিনি ওই বিদ্যালয়ের নাইটগার্ড মো. ইউসুফ হোসেনের সাথে আজ রাতে পাহারায় ছিলেন।
রাত সাড়ে ৩টার সময় গ্রাম পুলিশ রনজিৎ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য স্কুলের পিছনে কাঠবাগানে যান। প্রায় আধাঘণ্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় নাইটগার্ড ইউসুফ তাকে ডাকাডাকি করতে থাকেন। সাড়া না দেওয়ায় বিষয়টি ইউসুফ ওই বিদ্যালয়ের শিক্ষিকা ও স্থানীয় কিরণ মেম্বারকে ফোনে অবহিত করেন। আজ ভোরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে কাঠ বাগানে গ্রাম পুলিশের লাশ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দেকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।








