গাজীপুর

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। অন্যদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরেও শ্রমিকরাও বিক্ষোভ করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালনের পর কয়েকশ শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

সকালে শ্রীপুরের শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করলে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান। তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের একটি অংশ লাঠিসোঁটা নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা সেই অনুরোধ উপেক্ষা করে সড়কে অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে তাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিয়ে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

পরে আশপাশের বিভিন্ন গলি থেকেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে পুলিশ পুনরায় টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে গাজীপুর শিল্প পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এসময় বাস ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

বিষয়:পুলিশ বিক্ষোভ শ্রমিক সড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…