সৌদি আরবে হামলার পর নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জোরদার করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় হামলার পর মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
শনিবার (১০ অক্টোবর) হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ওই বিমানবন্দর ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন জানায়, দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর ব্যবহারের জন্য বিশেষ অনুমতি নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তাঝুঁকির কারণে মার্কিন সরকারি কর্মকর্তাদের ইয়েমেন সীমান্তের ২০ মাইল বা প্রায় ৩২ কিলোমিটারের মধ্যে যাতায়াত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া জাজান, আসির ও নাজরান প্রদেশ এবং কাতিফ, ইয়ানবু ও তাইফ শহরে যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ অনুমতি নিতে হবে মার্কিন সরকারি কর্মকর্তাদের।
সৌদি আরবের সব বড় বিমানবন্দরে চলাচলের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বনের জন্যও আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।






