হারানো প্রাণীর খোঁজ থেকে দত্তক ও চিকিৎসা, নানা সেবা নিয়ে ‘পারুল’ অ্যাপ

পোষা প্রাণী হারিয়ে গেলে তার খোঁজ করা, অসুস্থ বা বিপদে পড়া প্রাণীকে উদ্ধার করা কিংবা প্রাণী দত্তক দেওয়ার জন্য অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পোস্টের ওপর নির্ভর করেন। কিন্তু এসব জায়গায় ছড়িয়ে থাকা তথ্য থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে প্রাণীদের জন্য বিভিন্ন সেবা এক জায়গায় নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পারুল’।
পারুলের মাধ্যমে হারানো প্রাণীর খোঁজ করা, বিপদে পড়া প্রাণী উদ্ধারে সাহায্য চাওয়া, প্রাণী দত্তক দেওয়া ও নেওয়া, কাছাকাছি পশুচিকিৎসকের খোঁজ পাওয়া এবং জরুরি প্রয়োজনে প্রাণীর রক্তদাতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে।
হারানো প্রাণী খুঁজতে সাহায্য করবে পারুল
পোষা প্রাণী হারিয়ে গেলে সাধারণত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য দিয়ে পোস্ট করেন মালিকেরা। কিন্তু অনেক সময় সেই পোস্ট সবার কাছে পৌঁছায় না বা নতুন পোস্টের ভিড়ে হারিয়ে যায়।
পারুলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ সুবিধায় হারিয়ে যাওয়া বা পাওয়া প্রাণীর তথ্য জানানো যাবে। নির্দিষ্ট এলাকার মানুষের কাছেও এসব তথ্য পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। এর ফলে হারানো প্রাণীর খোঁজ পাওয়া এবং প্রাণীটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা সহজ হতে পারে।
প্রাণী উদ্ধারে সমন্বয়ের সুযোগ
রাস্তায় অসুস্থ, আহত বা বিপদে পড়া কোনো প্রাণী দেখলে অনেকেই সাহায্যের আবেদন জানান। তবে উদ্ধারকর্মী খুঁজে পাওয়া, প্রাণীটিকে নিরাপদ জায়গায় নেওয়া, সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা এবং চিকিৎসার জন্য যোগাযোগ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়।
পারুলের ‘রেসকিউ’ সুবিধায় প্রতিটি উদ্ধার কার্যক্রমের জন্য আলাদা তথ্য ও আপডেট রাখার সুযোগ রয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রাণীটির অবস্থা সম্পর্কে জানতে এবং উদ্ধার কার্যক্রমে একসঙ্গে কাজ করতে পারবেন।
প্রাণী দত্তক দেওয়া ও নেওয়া
যাঁরা কোনো প্রাণী দত্তক নিতে চান, তাঁদের জন্য স্থানীয়ভাবে থাকা প্রাণীদের তথ্য খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করেছে পারুল। অন্যদিকে, যাঁরা প্রাণী দত্তক দিতে চান, তাঁরাও সম্ভাব্য দত্তকগ্রহীতাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
প্ল্যাটফর্মটিতে যাচাইকৃত ব্যবহারকারীদের প্রোফাইল ও প্রাণী দত্তকের তালিকার ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে প্রাণী দত্তক দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পশুচিকিৎসক ও রক্তদাতার খোঁজ
পোষা প্রাণী অসুস্থ হলে কাছাকাছি পশুচিকিৎসাসেবা খুঁজে পাওয়া জরুরি। বিশেষ করে জরুরি চিকিৎসার সময় উপযুক্ত সেবা পেতে দেরি হলে সমস্যা বাড়তে পারে।
পারুলের মাধ্যমে কাছাকাছি পশুচিকিৎসাসেবার খোঁজ পাওয়া এবং প্রয়োজনের সময় প্রাণীর রক্তদাতার সঙ্গে যোগাযোগের সুযোগ রয়েছে। তবে কোনো প্রাণী রক্তদানের জন্য উপযুক্ত কি না, তা পশুচিকিৎসকের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
এ ছাড়া পোষা প্রাণীর যত্ন নিয়ে সাধারণ তথ্য দেওয়ার জন্য ভবিষ্যতে একটি ডিজিটাল সহায়তাব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় প্রাণিপ্রেমীদের জন্য কমিউনিটি
পারুলে এলাকার ভিত্তিতে বিভিন্ন কমিউনিটি এবং নির্দিষ্ট প্রাণীকে কেন্দ্র করে ‘সার্কেল’ তৈরির সুবিধা রয়েছে। এর মাধ্যমে প্রাণিপ্রেমীরা নিজেদের মধ্যে তথ্য ভাগাভাগি করতে, সাহায্য চাইতে এবং উদ্ধার কার্যক্রমে একে অপরকে সহযোগিতা করতে পারবেন।
এ ছাড়া অন্যান্য সেবামূলক কার্যক্রমের মধ্যে অসহায় ও বিপদগ্রস্ত প্রাণীদের নিরাপদ আশ্রয় প্রদান, উদ্ধার ও চিকিৎসায় সহায়তা, প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা, রক্তদানে সহযোগিতা এবং হারিয়ে যাওয়া প্রাণীদের তাদের মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি প্রাণিকল্যাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় ব্যবস্থা
পারুলে অবস্থানভিত্তিক তথ্য ব্যবহার করে কাছাকাছি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের অবস্থান শেয়ার না করার সিদ্ধান্ত নিতে পারবেন। অন্য ব্যবহারকারীদের কাছে সুনির্দিষ্ট অবস্থান দেখানো হবে না। উদ্ধারস্থলের অবস্থানও স্বয়ংক্রিয়ভাবে অস্পষ্ট করে দেখানো হবে।
যেভাবে ব্যবহার করবেন পারুল
প্রাণী হারিয়ে গেলে তার তথ্য জানানো, বিপদে পড়া প্রাণীর জন্য সাহায্য চাওয়া, দত্তক দেওয়ার বা নেওয়ার তথ্য খোঁজা কিংবা প্রাণিকল্যাণ কার্যক্রমে যুক্ত হতে আগ্রহীরা পারুল ব্যবহার করতে পারেন।
অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোরের এই লিংকে প্রবেশ করুন: https://play.google.com/store/apps/details?id=pet.parul.parul&pcampaignid=web_share
প্রাণিকল্যাণের সঙ্গে যুক্ত মানুষদের একই প্ল্যাটফর্মে আনার মাধ্যমে প্রয়োজনের সময় দ্রুত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা সহজ করাই পারুলের মূল লক্ষ্য।






