হেদায়াতের জন্য যে দোয়াটি বারবার করা উচিত

ছবি:সংগৃহীত
মানুষ জীবনে অনেক কিছু চাওয়ার মধ্যে সফলতা, অর্থ, সুস্থতা, ভালো সম্পর্ক কিংবা মানসিক শান্তি অন্যতম। কিন্তু এসব অর্জনের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রয়োজন, তা হলো সঠিক পথের দিশা বা হেদায়াত। কারণ মানুষ অনেক কিছু পেলেও যদি সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে না পারে, তাহলে সেই অর্জনও তাকে প্রকৃত শান্তি দিতে পারে না। ইসলাম তাই বারবার আল্লাহর কাছে হেদায়াত চাওয়ার শিক্ষা দেয়। এমনকি একজন মুসলিম প্রতিদিন নামাজে বারবার যে দোয়াটি করেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক পথের জন্য প্রার্থনা।
‘ইহদিনাস সিরাতাল মুস্তাকিম’
সূরা আল-ফাতিহার ষষ্ঠ আয়াতে রয়েছে
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
অর্থ: ‘আমাদের সরল পথ দেখান।’
—সূরা আল-ফাতিহা, ১:৬
এর পরের আয়াতে বলা হয়েছে, সেই পথ হলো তাদের পথ, যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন; যারা তাঁর ক্রোধের শিকার হয়নি এবং পথভ্রষ্টও হয়নি। (সূরা আল-ফাতিহা, ১:৭)
হেদায়াত কেন বারবার চাইতে হয়?
প্রশ্ন হতে পারে, একজন মানুষ মুসলিম হওয়ার পরও কেন প্রতিদিন হেদায়াতের জন্য দোয়া করবেন?
কারণ হেদায়াত শুধু একবার সঠিক পথ চিনে নেওয়ার বিষয় নয়, বরং সেই পথে অবিচল থাকার বিষয়ও। জীবনের বিভিন্ন সময়ে মানুষের সামনে নানা প্রলোভন, চাপ, ভুল সিদ্ধান্ত ও কঠিন পরিস্থিতি আসে। ফলে সঠিক পথে থাকার জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন সব সময়। আজ যে সিদ্ধান্তকে সঠিক মনে হচ্ছে, পরিস্থিতি বদলালে সেটিই হয়তো কঠিন হয়ে উঠতে পারে। তাই একজন মুমিন আল্লাহর কাছে শুধু পথ দেখানোর জন্য নয়, সেই পথে থাকার তাওফিকের জন্যও প্রার্থনা করেন।
হেদায়াত মানে কী?
হেদায়াত বলতে শুধু ধর্মীয় জ্ঞান অর্জন বোঝায় না। সত্যকে গ্রহণ করা, ভুল বুঝতে পারলে তা থেকে ফিরে আসা, আল্লাহর নির্দেশ মেনে চলা, মানুষের হক রক্ষা করা এবং অন্যায় থেকে নিজেকে দূরে রাখাও হেদায়াতের অংশ।
কোরআনে আল্লাহ বলেন, ‘যে আল্লাহর ওপর ঈমান আনে, তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন।’ (সূরা আত-তাগাবুন, ৬৪:১১)
অর্থাৎ মানুষের অন্তরের সঠিক দিকনির্দেশনাও আল্লাহর বিশেষ অনুগ্রহ।
শুধু দোয়া নয়, চেষ্টাও জরুরি
হেদায়াতের জন্য দোয়া করার পাশাপাশি নিজের জীবনেও তার প্রতিফলন থাকা প্রয়োজন। কোরআন বোঝার চেষ্টা করা, নবীজি (সা.)-এর সুন্নাহ জানা, ভালো মানুষের সঙ্গ নেওয়া, নিজের ভুলের জন্য তওবা করা এবং অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা এসব একজন মানুষকে সঠিক পথে থাকতে সাহায্য করে। কারণ শুধু মুখে ‘সঠিক পথ দেখান’ বললেই হবে না, আল্লাহ যে পথে চলতে বলেছেন, সেই পথে চলার চেষ্টাও করতে হবে।
শুক্রবারে দোয়াটি একটু মন দিয়ে পড়ুন
শুক্রবার মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ ও দোয়ার মাধ্যমে আল্লাহর আরও কাছে যাওয়ার চেষ্টা করা যায়। বিশেষ করে নামাজে যখন ‘ইহদিনাস সিরাতাল মুস্তাকিম’ পড়বেন, তখন শুধু মুখস্থ শব্দ হিসেবে নয়, এর অর্থটিও মনে রাখার চেষ্টা করা যেতে পারে। তখন মনে করা যায় আমি আল্লাহর কাছে শুধু কোনো একটি পার্থিব চাওয়া চাইছি না, আমি এমন একটি পথ চাইছি, যে পথে চললে আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে।
জীবনে অনেক কিছু হারিয়ে আবার ফিরে পাওয়া সম্ভব। কিন্তু সঠিক পথ হারিয়ে ফেললে ক্ষতিটা হতে পারে অনেক গভীর। তাই প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াগুলোর একটি হতে পারে
‘হে আল্লাহ, আমাদের সরল পথ দেখান এবং সেই পথে অবিচল রাখুন।’





