বাংলাদেশ

প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধে চাকরিপ্রার্থীরা

প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধে চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাতমসজিদ সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীরা বেলা সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন। নির্ধারিত সময়ের ঠিক আগে পরীক্ষা বন্ধ করে দেওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রার্থী জানান, পরীক্ষা শুরুর মাত্র এক মিনিট আগে তাঁদের পরীক্ষা বাতিলের কথা জানানো হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। আরেক পরীক্ষার্থী বলেন, প্রশ্নপত্র বিতরণের সময় কেন্দ্রের শিক্ষকেরা প্রশ্নপত্র ফাঁসের কথা জানিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন।

এর আগে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। আগের রাতেও এ নিয়ে বিভিন্ন পোস্ট প্রকাশিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান জানান, ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল ছিল কি না, জানতে চাইলে তিনি জানান, প্রকাশিত প্রশ্নের যে অংশ পাওয়া গেছে, তার সঙ্গে মিল রয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক বেলা সোয়া একটার দিকে জানান, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে ২৪২ জন নিয়োগের জন্য এ পরীক্ষা আয়োজনের কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

বিষয়:পরীক্ষা স্থগিত প্রশ্নপত্র ফাঁস যুব উন্নয়ন অধিদপ্তর সড়ক অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…