দুর্ঘটনায় ৩৬ জন নিহত হওয়ার পর আজ সোমবার ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে বেলেশ্বর মহাদেব মন্দিরের অবৈধ স্থাপনাগুলো পাঁচটিরও বেশি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। পৌরসভা এবং পুলিশের কর্মকর্তারা কাজটি সম্পন্ন করতে সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে প্রকাশ, বৃহস্পতিবার মন্দিরটিতে রামনবমীর পূজা চলাকালীন কুয়ার ওপরে নির্মিত একটি কংক্রিটের স্ল্যাব ভেঙ্গে পড়লে ৩৬ জনের মৃত্যু ঘটে। কুয়ার ওপরে কংক্রিট ঢালাই নিয়ে স্থানীয় পৌরসভা মন্দির কমিটিকে সতর্কও করেছিল, কিন্তু তারা কোনও উদ্যোগ নেয়নি।
পূজা উপলক্ষে ওই কুয়ার ওপরেই নির্মিত কংক্রিটের স্ল্যাবে বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঢালাই করা ওই স্ল্যাবটি ভেঙ্গে পড়ে এবং ভক্তরা প্রায় ১২ মিটার গভীর কুয়ার পানিতে পড়ে যান। কুয়ার পানির সঙ্গে অনেক আবর্জনা মিশে কাদা হয়ে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময়ে ঢালাই করা স্ল্যাবের ওপরে একশোরও বেশি মানুষ দাঁড়িয়ে ছিলেন পুজোর জন্য।
ঘটনার পর নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে সহায়তার কথা ঘোষণা দিয়েছেন।









