সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তাঁর পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নতুন গঠিত ছয়টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে পাঁচটি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলী রীয়াজ ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। অধ্যাপক আলী রীয়াজ নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শিগগিরই দেশে ফিরবেন।
রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।








