ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ও ডোনাল্ড ট্রাম্পের হাসিমুখের ছবি, যা বাংলাদেশের সংবাদ ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
ট্রাম্পকে দেওয়া অভিনন্দন বার্তায় বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। দ্বিতীয় মেয়াদের জন্য আপনাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্বের প্রতিফলন হয়েছে। আমি নিশ্চিত যে আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।
এর আগে সম্প্রতি বাংলাদেশ নিয়ে করা ট্রাম্পের টুইট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগে তিনি যখন টুইট করেছিলেন তখন তিনি দলের নেতা ছিলেন। এখন রাষ্ট্রপতি হিসেবে প্রকৃত চিত্র জানবেন। তিনি জানবেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোন ঘটনার নেই, এটা অপপ্রচার ছিল।
ফক্স নিউজের প্রতিবেদনে থেকে জানা যায়, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে রয়েছে ২২৬ ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট হতে উভয় প্রার্থীর জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট।
সেই হিসেবে ট্রাম্প-ই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি এখনও।






