থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণপূর্বের চুনবুড়ি প্রদেশে একটি নাইটক্লাবে আগুনে প্রাণ হারিয়েছে ১৩ জন ও আহত হয়েছে আরও ৩৫ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ১টার দিকে আগুন লাগে, এতে হতাহত সবাই থাই নাগরিক। অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থল ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে।
যাদের মৃত্যু হয়েছে তাদের চারজন নারী ও বাকি নয়জন পুরুষ। উদ্ধারকারী বিভাগের পোস্ট করা ভিডিও ফুটেজে নাইটক্লাবটিতে আসা লোকজনকে আর্তচিৎকার করে পালাতে দেখা গেছে, তাদের পরনের কাপড়ে আগুন জ্বলছিল, পেছনে ক্লাবটিতেও আগুন জ্বলছিল।







