আদালত

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী স্বপ্না

শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা, পুলিশ ও আদালত উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু রামিসার হত্যার মামলার রায় ঘোষণা উপলক্ষে পুলিশ ও আদালত উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গতকাল রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়।

মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিম্ন আদালতের পাঠানো নথি (ডেথ রেফারেন্স) এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তির জন্য গতকাল হাইকোর্টে উপস্থাপন করা হয়।

নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি ও নিষ্পত্তির জন্য গত ১০ জুন এই বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলাও ছিল।

গত ১৯ মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের একদিন পর শিশুটির বাবা আব্দুল হান্নান পল্লবী থানায় মামলা করেন। এতে প্রতিবেশী সোহেল (৩১) ও তার স্ত্রী স্বপ্না (২৬) এবং অজ্ঞাতপরিচয় আরেকজনকে আসামি করা হয়।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেলকে মৃত্যুদণ্ড দেন। একই অপরাধে সহায়তা করার দায়ে তার স্ত্রী স্বপ্নাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

হত্যাকাণ্ডের ১৯ দিন পর ওই রায় দেওয়া হয়। পরে সোহেল ও স্বপ্না কারা কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক আপিল করেন। এতে তারা নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে অভিযোগ থেকে খালাস চান।

মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন। তদন্তকারীরা জানান, পরে তিনি শিশুটিকে গলা কেটে হত্যা করেন এবং অপরাধ ধামাচাপা দিতে লাশ টুকরো করার চেষ্টা করেন।

গত ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান ও স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

বিষয়:নিম্ন আদালত মৃত্যুদণ্ড বহাল রামিসা ধর্ষণ ও হত্যা হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…