চলতি মাসের শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক হয় তানজিদ হাসান তামিমের। পাঁচ ম্যাচের সিরিজে তার ব্যাটে আসে দুটি ফিফটি। সুযোগ পেয়ে যান টাইগারদের বিশ্বকাপ দলে। টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেতে তানজিদ দেখছেন ভাগ্যের ছোঁয়াও। নিজের খেলা নিয়ে আছে আত্মবিশ্বাস। কখনও বোলার দেখে নন, ব্যাট করেন কেবল বল বুঝে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বিসিবি। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। বুধবার প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন ২৩ বর্ষী ওপেনার তামিম।
‘বিশ্বকাপে খেলাটা আসলে ভাগ্যের ব্যাপার। নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে, বিশ্বকাপ খেলতে পারছি। একটা জিনিস বিশ্বাস করি, হয়তো নিজে ভালো পারফরম্যান্স করতে পারিনি, তবে যে জিনিসটা দুই বছর পরে শিখতাম, সেটা বিশ্বকাপের মাধ্যমে দুই বছর আগে শিখেছি। সেখানে অনেক বড় বড় খেলোয়াড় ছিলেন। তাদেরকে দেখে অনেককিছুই শিখেছি। তাদের ম্যাচিউরিটি লেভেল দেখেছি, যে জিনিসটা পরবর্তীতে আমার অনেকবেশি কাজে দেবে।’
‘টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা বলতে গেলে, আমি আগেও বলেছি বিশ্বকাপ খেলাটা ভাগ্যের বিষয়। সেই হিসেবে আমি অবশ্যই অনেক ভাগ্যবান। নিজের সর্বোচ্চটা দিয়ে দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’
‘আমার ইনটেন্ট সবসময় ইতিবাচক থাকে। কখনোই কোনো বোলার বিবেচনায় নিয়ে খেলি না, শুধুমাত্র বলটা দেখে খেলার চেষ্টা করি। চেষ্টা থাকবে একই প্রসেস বিশ্বকাপেও মেনে চলার। এমনকি কখনও গোল সেট করে খেলি না। সবসময় ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করি। বর্তমানে থাকার চেষ্টা করি। এভাবেই এগিয়ে যেতে চাই প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে।’







