বিনোদন

নয় মাস পর নাটকের শুটিংয়ে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

নয় মাস পর নাটকের শুটিংয়ে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের কারণে দীর্ঘ দিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা কাটিয়ে ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তিনি।

প্রায় নয়মাস পর এই অভিনেত্রী নতুন নাটকের শুটিং করলেন। তার এই নাটকের নাম ‘অংশীদার’। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি।

নির্মাতা জানান, সমাজে আজও কিছু কিছু ক্ষেত্রে কন্যাসন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা অনেক ক্ষেত্রেই দেখা যায়।

‘ব্রাদারি হক’-এর দাবি কিংবা নানা অজুহাতে সম্পত্তির লোভে চাচা ও আত্মীয়দের একাংশ পিতৃহীন পরিবারগুলোর ওপর নির্যাতন চালান, এমনকি তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টাও করেন। সমাজের এমনই এক নির্মম বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অংশীদার’।

নাটকটির গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোনকে ঘিরে শুরু হয় সম্পত্তির টানাপোড়েন। চাচা ও তার পরিবারের অন্যায়ের মুখে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাদের। তবে একপর্যায়ে পরিস্থিতির কাছে হার না মেনে প্রতিবাদী হয়ে ওঠে বড় বোন।

চারপাশের বাধা, ভয়ভীতি ও রক্তচক্ষু উপেক্ষা করে নিজের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে নামে সে। শেষ পর্যন্ত নিজের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করে নেওয়ার মধ্য দিয়ে ফুটে ওঠে তার অদম্য সাহস ও সংগ্রামের চিত্র।

‘অংশীদার’ নাটকে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি গুরুত্ব পেয়েছে নারীর উত্তরাধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়গুলো। বাবাহারা মেয়েদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার প্রবণতা এবং আপনজনদের অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াইই নাটকটির মূল উপজীব্য।

এর সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নির্মাতা ইকসান রনি বলেন, “অংশীদার” আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। এই নাটকের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প তুলে ধরতে চেয়েছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

নাটকটির প্রযোজক কাজী সাইফুল ইসলাম রাজীব বলেন , আমরা সবসময় বিনোদনের পাশাপাশি সমাজসচেতনতামূলক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। “অংশীদার” তেমনই একটি উদ্যোগ। আশা করি, নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার,দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাষ্টার, কাকন চৌধুরী,তাসমিয়াহ টিনা, নন্দী সহ আরো অনেকে।

এর আগে পরিচালক ইকসান রনির ‘বাবাও মানুষ’ নাটকে ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি একসঙ্গে অভিনয় করেন। নাটকটি প্রচারের পর ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। জানা যায়, শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল এ প্রচারিত হবে ‘অংশীদার’।

টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’-এর অফিশিয়াল ইউটিউব।

বিষয়:আর সি অরণ্য আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার কাকন চৌধুরী ডলি জহুর তানিয়া বৃষ্টি তাসমিয়াহ টিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…