জন্মের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে ‘স্টার কিড’ তৈমুর আলী খান। বলিউডে স্টার কিডদের তালিকায় অনেক জনপ্রিয় সে। আর এই তৈমুরকে ২৪ ঘন্টা দেখাশোনার কাজে নিয়োজিত থাকেন যিনি তিনি হলেন ললিতা ডি’সিলভা। তৈমুর আলি খানের ‘ন্যানি’ বলেই তিনি পরিচিত। পেশায় তিনি আসলে পেডিয়াট্রিক নার্স।
সম্প্রতি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই তিনি পরিচিতি লাভ করেছেন। এরপরই জানা যায়, একসময় আম্বানি পরিবারের হাত ধরেই তিনি প্রথম বাচ্চাকে দেখাশোনার কাজ শুরু করেছিলেন। সর্বপ্রথম ছোট্ট অনন্তের দেখাশোনা করতেন তিনি। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কাজ সহ নানান বিষয় নিয়ে কথা বলেছেন পেডিয়াট্রিক নার্স ললিতা ডি’সিলভা।
একসময় সোশ্যাল মিডিয়ার হাত ধরে গুঞ্জন ছড়িয়ে পড়ে, কারিনা ও সাইফ নাকি ন্যানি ললিতা ডি’সিলভাকে ২.৫ লক্ষ টাকা পারিশ্রমিক দিতেন। সাক্ষাৎকারে ললিতাকে যখন একথা বলা হয় তখন তিনি বলেন, ‘আড়াই লক্ষ টাকা! আশাকরি একথা যেন সত্যি হয়। আসলে এইসবই গুজব।’
ললিতা বলেন, যখন এই গুজব রটেছিল, তখন তিনি নাকি একথা কারিনাকে বলেছিলেন। আর সেকথা শুনে কারিনা তাকে বলেন, ‘এসবই রসিকতা, এগুলো সিরিয়াসলি নেবেন না।’
এর আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ললিতা বলেছিলেন, “কারিনা একজন অসাধারণ মা, তিনি খুবই নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলেন, তার সন্তানরাও একই রকম হয়েছে। সাইফও তার সন্তানদের খুব সুন্দরভাবে বড় করে তুলছেন।” তবে ললিতার আসল পারিশ্রমিকের ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। –বলিউড শাদিস







