কারিনার মুখোমুখি শহীদপত্নী মীরা!

বলিউডে একসময় কারিনা কাপুর খান ও শহীদ কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা হত বিস্তর। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। একটা সময়ে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে ঠিক কী কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়, তা অবশ্য কোন দিনই স্পষ্ট হয়নি।
বিচ্ছেদের পরে আর বন্ধুত্ব বা সৌজন্যের সম্পর্কও রাখেননি কারিনা ও শহীদ। একই অনুষ্ঠানে মুখোমুখি হলেও পরস্পরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা। কিন্তু এবার কারিনার মুখোমুখি হচ্ছেন শহীদ-পত্নী মীরা রাজপুত।
কারিনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে এবার অতিথি হিসাবে দেখা যাবে শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের শুটিং হয়েছে। সমাজমাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে সেই ঝলকও অনুরাগীদের দেখিয়েছেন মীরা। কারিনাও ভাগ করে নিয়েছেন একটি ছবি। সেখানেই একই ফ্রেমে প্রথম বার একসঙ্গে দেখা গেছে শহীদের প্রাক্তন ও বর্তমান সঙ্গীদের।
কারিনার সঙ্গে তার কথোপকথনে কী কী উঠে এসেছে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আনেননি মীরা। শহীদ-পত্নী তার ছবিগুলি ভাগ করে ক্যাপশনে লিখেছেন, “মহিলারা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কারিনা। তুমি যেমন মানুষ ও নারী, তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।”
সেই পোস্টেই কারিনা মন্তব্য করেছেন, “তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।” কারিনা ও মীরাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। তাদের মধ্যে কী কী কথা হয়ে থাকতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে
কারিনার এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার, বন্ধুত্ব থেকে শুরু করে তারকাদের ব্যক্তিগত জীবন নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। তাই মীরা অতিথি হওয়ায় এই পর্ব নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। শহীদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তানদের বড় করে তোলা কিংবা নিজের জীবনযাপন নিয়ে কি কোন অজানা কথা বলবেন মীরা, সেই অপেক্ষাতেই দর্শক।
শোনা যায়, ‘জব উই মেট’ ছবির শুটিং এর সময়েই কারিনা ও শহীদের সম্পর্কে চিড় ধরে। কিন্তু তার চিহ্নমাত্র প্রকাশ পায়নি শহীদ-করিনার অভিনয়ে। নিজেদের সমস্যা কখনও ছবির সেটেও নিয়ে আসেননি তারা। পরিচালক ইমতিয়াজ আলি দু’জনেরই পেশাদার আচরণের প্রশংসা করেছেন সাক্ষাৎকারে। পরে সাইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়ান কারিনা। ২০১২-তে সাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিনা। অন্যদিকে, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শহীদ।






