স্বাস্থ্য

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় সিআইপিআরবির হেলথ ক্যাম্প শুরু

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় সিআইপিআরবির হেলথ ক্যাম্প শুরু

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্যঝুঁকি নির্ণয়ে হেলথ ক্যাম্প শুরু করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে চার দিনে ৮০০ জন পেশাদার চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১ ও ৪-এর আওতায় এ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রোগ শনাক্ত করা সম্ভব। কোনো অসুস্থতা ধরা পড়লে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া যায়। একজন সুস্থ চালক ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে যাত্রীদের নিরাপদ সেবা দেওয়া সম্ভব হবে, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে দেশব্যাপী এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে বিআরটিএ। এ উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপিআরবির নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান। তিনি বলেন, পেশাদার চালকেরা দেশের পরিবহন ব্যবস্থার চালিকাশক্তি। তাদের সুস্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সড়ক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া গেলে চালকেরা সুস্থ থেকে পরিবহন খাতে অবদান রাখতে পারবেন।

তিনি জানান, এ হেলথ ক্যাম্পে চালকদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।

সিআইপিআরবির উপনির্বাহী পরিচালক ও রোড ট্রাফিক ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী বলেন, পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় সংস্থাটি এর আগেও ২০২২ ও ২০২৩ সালে ঢাকার চারটি বড় বাসস্ট্যান্ড এবং তেজগাঁও ট্রাক টার্মিনালে ক্যাম্প পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

ক্যাম্পের আয়োজকদের মতে, নিয়মিত স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে চালকদের সুস্থতা নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন সিআইপিআরবি রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার কাজী বোরহান উদ্দিন। সিআইপিআরবি এর মেডিক্যাল অফিসার ডাঃ সামিদ সিদ্দকী ক্যাম্পের কার্যক্রম তদারকী করেন, যেখানে তথ্য সংগ্রহের কাজ করেন সিআইপিআরবি এর সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, দৃষ্টিশক্তি পরীক্ষা করেন জনাব মোঃ মোসলেম উদ্দিন সোহাগ এবং ডায়বেটিস ও রক্তচাপ পরীক্ষা করেন মিডওয়াইফ সুমাইয়া আক্তার।

ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিআরটিএ এর ঢাকা বিভাগের পরিচালন মোঃ মাসুদ আলম, ঢাকা মেট্রো সার্কেল-১ এর সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল নোমান এবং লাইসেন্স নবায়ন শাখার সহকারী পরিচালক জিয়াউর রহমান এবং তার টিমের সদস্যগণ।

বিষয়:জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ বাংলাদেশ সিআইপিআরবি সিআইপিআরবির হেলথ ক্যাম্প সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…