আন্তর্জাতিক

আরব দেশগুলোর ২৯ কূটনীতিককে প্রশিক্ষণ দিচ্ছে ভারত

আরব দেশগুলোর ২৯ কূটনীতিককে প্রশিক্ষণ দিচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে আরব লিগের সদস্যদেশগুলোর কূটনীতিকদের জন্য প্রথমবারের মতো বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ভারত। দেশটির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিসে (এসএসআইএফএস) এ প্রশিক্ষণ চলছে। ভারত ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আরব-ইন্ডিয়া কো-অপারেশন ফোরামের প্রথম প্রশিক্ষণ কর্মসূচির আওতায় গত ২১ অক্টোবর এ কার্যক্রম শুরু হয়, যা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এতে আরব লিগের প্রায় সব সদস্যদেশের মধ্যম পর্যায়ের ২৯ জন কূটনীতিক অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সৌদি আরব, কুয়েত, মিসর, আলজেরিয়া, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, লিবিয়া ও কোমোরোসের প্রতিনিধিরা রয়েছেন।

ভারত ও আরব লিগের ২২টি সদস্যদেশের মধ্যে সম্পর্ক জোরদারে আরব-ইন্ডিয়া কো-অপারেশন ফোরাম একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ২০০৮ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এ কাঠামো প্রতিষ্ঠিত হয়। ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এ ফোরামের প্রধান প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। ২০১৬ সালের জানুয়ারিতে বাহরাইনের মানামায় প্রথম এবং ২০২৬ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় বৈঠকে আরব দেশগুলোর কূটনৈতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে একমত হন পররাষ্ট্রমন্ত্রীরা। এর ধারাবাহিকতায় এসএসআইএফএসে প্রতিবছর আরব দেশগুলোর প্রতিনিধিদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসএসআইএফএসের ডিন রাষ্ট্রদূত রাজ কুমার শ্রীবাস্তব আরব নিউজকে বলেন, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো মধ্যম পর্যায়ের কূটনীতিকদের ভারতকে কাছ থেকে জানার সুযোগ করে দেওয়া। শ্রেণিকক্ষে পাঠ নেওয়ার পাশাপাশি ভারতে অবস্থান করে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তাঁরা।

তিনি বলেন, ভারতে এসে অংশগ্রহণকারীরা যা শিখবেন এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করবেন, তা তাদের নীতিনির্ধারণে সহায়তা করবে। একই সঙ্গে ভারত ও আরব দেশগুলোর মধ্যকার সম্পর্কের ইতিহাস বুঝতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মসূচিতে কূটনৈতিক আলোচনা ও দর-কষাকষি, নিরাপত্তা কাঠামো, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডিজিটাল জনপরিকাঠামো এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শ্রীবাস্তব জানান, কূটনীতি, ভূরাজনীতি ও ভূ-অর্থনীতির পাশাপাশি উন্নয়নভিত্তিক কূটনীতির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বাণিজ্য, প্রযুক্তি, পর্যটন, মেধা ও ঐতিহ্য—এই পাঁচটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের অংশ হিসেবে কূটনীতিকদের ভারতের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে তারা আগ্রার তাজমহল এবং নয়াদিল্লির গান্ধী স্মৃতি পরিদর্শন করেছেন। মহাত্মা গান্ধী জীবনের শেষ দিনগুলো এ স্থানেই কাটিয়েছিলেন।

এ ছাড়া অংশগ্রহণকারীদের ভারতের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়া হচ্ছে। সোমবার তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শ্রীবাস্তবের মতে, ভারতের ঐতিহাসিক ঐতিহ্য ও বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সরাসরি প্রত্যক্ষ করার অভিজ্ঞতা কূটনীতিকদের ওপর গভীর প্রভাব ফেলবে। শ্রেণিকক্ষে ইতিহাসের পাঠ নেওয়ার তুলনায় এসব স্থান সরাসরি পরিদর্শন তাদের উপলব্ধিকে আরও সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ কেবল একটি স্বতন্ত্র কর্মসূচি নয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা এসএসআইএফএসের সাবেক শিক্ষার্থীদের নেটওয়ার্কের অংশ হয়ে উঠবেন। ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও কূটনৈতিক সহযোগিতা বাড়াতে এ নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:এসএসআইএফএস কূটনীতিক প্রশিক্ষণ কূটনৈতিক সম্পর্ক সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…