চট্টগ্রাম থেকে: বিপিএল সিলেটপর্ব চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অবসরের জানান দেন দেশসেরা ওপেনার। এবার জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনই ব্যাট-বল তুলে রাখছেন না। যতদিন ফিট থাকবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং প্রিমিয়ার লিগ ক্রিকেট চালিয়ে যাবেন লাল-সবুজের কিংবদন্তি ব্যাটার।
অবসরের ঘোষণা দেয়ার পর সংবাদমাধ্যমের সামনে আসা হয়নি তামিমের। চট্টগ্রাম পর্বের প্রথমদিনে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। ব্যাট হাতে ভালো করেন তামিম, ৪৮ বলে ৬১ রান করেন। পরে সংবাদ সম্মেলনে আসেন। সেখান জানান এমন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে বলেছেন, ‘আমি চেষ্টা করবো যতদিন, এখন তো রিটায়ার্ড সো লিজেন্ড লিগের জন্যও কোয়ালিফাই করবো। ওই সব খেলবো যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মত ওটা খেলবো। বিপিএল, ইনশাআল্লাহ যদি ফিট থাকি যতদূর পারি খেলতে থাকবো। আমার ফোকাসটা খেলা নিয়ে এখানে কয়েকটা টুর্নামেন্ট আছে, সুতারং এটা নিয়েই।’
আলোচনায় আছে তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন। চট্টগ্রামের তামিমের সামনে এই বিষয়টি নিয়েও প্রশ্ন আসে। তবে তামিম এড়িয়ে গেছেন তা। জানালেন, এই মূহুর্তে বিষয়টি নিয়ে বলার মতো কিছুই নাই। এছাড়া বিপিএলের মাঝামাঝি সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার একদিন আগে অবসরের সিদ্ধান্ত কেনো নিয়েছেন সে বিষয়টিও এড়িয়ে যান তামিম।








