আন্তর্জাতিক

ভারী বৃষ্টিতে মাইক্রোসফটের সম্মেলন কেন্দ্রে ছাদ গড়িয়ে পানি, ক্ষতিগ্রস্ত মেটার স্টল

ভারী বৃষ্টিতে মাইক্রোসফটের সম্মেলন কেন্দ্রে ছাদ গড়িয়ে পানি, ক্ষতিগ্রস্ত মেটার স্টল

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে মাইক্রোসফটের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘ইগনাইট’-এ ভারী বৃষ্টির কারণে ছাদ গড়িয়ে পানি পড়েছে। এতে সম্মেলনস্থল মসকোন সেন্টারের প্রদর্শনী এলাকায় পানি জমে যায়।

ক্ষতিগ্রস্ত হয় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রদর্শনী স্টলও। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে প্রদর্শনী এলাকা বন্ধ করে দেন আয়োজকেরা।

বুধবার (১৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে সম্মেলনের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। উদ্ভাবনবিষয়ক অধিবেশন ও কমিউনিটি ইভেন্টগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু রাখা হয়।

মাইক্রোসফট জানিয়েছে, আবহাওয়াজনিত সমস্যার কারণে সম্মেলনের এক্সপো ফ্লোরসহ ‘মাইক্রোসফট ইগনাইট হাব’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় চালুর সময় জানানো হবে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডগ ডসন জানান, বৃহস্পতিবার দর্শনার্থীদের জন্য প্রদর্শনী এলাকা আবার খুলে দেওয়া হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চালু থাকবে। সম্মেলনে অংশগ্রহণকারী ও সহযোগীদের ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে সম্মেলন কেন্দ্রের ছাদ থেকে পানি পড়তে এবং প্রদর্শনী এলাকার বিভিন্ন অংশে পানি জমতে দেখা গেছে।

ঝড়ে বিপর্যস্ত সান ফ্রান্সিসকো
সম্মেলনকেন্দ্রের এ ঘটনা সান ফ্রান্সিসকো এলাকায় বয়ে যাওয়া শক্তিশালী ঝড়ের প্রভাবের অংশ। ভারী বৃষ্টিতে অঞ্চলটির বিভিন্ন সড়কে পানি জমেছে। কোথাও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে, কোথাও সড়ক ও যান চলাচল ব্যাহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকালে সান ফ্রান্সিসকোর কেন্দ্রীয় এলাকায় প্রায় দুই ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে একটি ওয়েমো চালকবিহীন গাড়ি বন্যার পানিতে আটকে পড়ে। আবহাওয়াবিদেরা আরও বৃষ্টিপাত ও পানি প্রবাহের কারণে যাতায়াতে ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন। চালকদের জলমগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মাইক্রোসফটের অন্যতম বড় বার্ষিক প্রযুক্তি সম্মেলন ইগনাইট মঙ্গলবার শুরু হয়েছে, চলবে শুক্রবার পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের ডেভেলপার, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নিচ্ছেন। সম্মেলনে মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ও সেবার নতুন উদ্ভাবন এবং প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে।

বিষয়:ইগনাইট ভারী বৃষ্টি মাইক্রোসফট ইগনাইট হাব মাইক্রোসফটের সম্মেলন সান ফ্রান্সিসকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…