আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন নেই তামিম ইকবাল। মাঠের খেলাতেও ছিলেন না কয়েকমাস। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন দেশসেরা ওপেনার। ভালোও করেছেন। সে কারণে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরবেন কিনা। যেটি নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
বিপিএলের ১১তম আসরে ফরচুন বরিশালের নেতৃত্ব দেবেন তামিম। সোমবার উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। রোববার আসর শুরুর আগে শেষ অনুশীলন সেরেছে দলটি। পরে সংবাদ সম্মেলনে আসেন তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। জানালেন, আপাতত বিপিএলের বাইরে জাতীয় দল নিয়ে চিন্তা নেই তার।
‘এই মুহূর্তে শুধু বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি বা জাতীয় দল নিয়ে কোনো আলোচনা হয়নি। ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি এবং নিজেও কারো সঙ্গে এই বিষয়ে আলোচনা করিনি। শুধু বিপিএল নিয়ে চিন্তা করছি। এখন জাতীয় দল নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’







