ক্রিকেট

স্বপ্নের মতো বলব না, এরকমই হওয়া উচিত: শান্ত

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে, ক্রিকেট মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ব্যাট হাতে মাঠে প্রস্তুত, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুঃসময় পেরিয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। রান না পাওয়ায় একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হওয়া এ বাঁহাতি এখন বাংলাদেশের ব্যাটারদের মধ্যমনি। ধারাবাহিকতায় দিচ্ছেন আস্থার প্রতিদান। রানের ক্ষুধা আরও বাড়ছে তাতে। বললেন, ‘আরও ভালো করা সম্ভব।’

এশিয়া কাপ দুর্দান্ত খেলতে থাকা শান্ত চোট পেয়ে ছিটকে যান আসর থেকে। ফিটনেস ফিরে পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে ফেরেন অধিনায়ক হয়ে। হারলেও এক ম্যাচের নেতৃত্বে দল পরিচালনা খারাপ করেননি।

দুইশর মধ্যে দল অলআউট হওয়ার ম্যাচেও খেলেছেন ৭৬ রানের ইনিংস। পেয়েছেন বিশ্বকাপে সাকিব আল হাসানের সঙ্গে নেতৃত্ব দেয়ার সুযোগ। বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাকে।

কঠিন সময়ের সঙ্গে তুলনা করলে শান্তর জন্য এখন স্বপ্নের মতো সময়। যদিও এ ক্রিকেটার আরও প্রাপ্তির খোঁজ করছেন। কিউইদের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে রান করাকে ফেললেন দায়িত্বের মধ্যে।

‘একজন ব্যাটার হিসেবে আমার দায়িত্ব প্রতিদিন রান করা। স্বপ্নের মতো বলব না, এরকমই হওয়া উচিত। এর থেকেও ভালো হওয়া উচিত। ভালো হওয়া সম্ভব। আমি চেষ্টা করছি আর উন্নতির চেষ্টা করছি। আরও কীভাবে লম্বা সময় ধরে ভালো খেলতে পারি।’

অস্ট্রেলিয়ার মাটিতে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন শান্ত। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এখন অব্দি। ফর্মে থাকায় প্রত্যাশা করাই যায় রান করার দিক থেকে শান্ত থাকবেন সামনের কাতারে। এ তরুণ ক্রিকেটার অবশ্য তাকিয়ে আছেন দলগত সাফল্যের দিকে।

‘আমার সর্বোচ্চ রান করা ম্যাটার করে না, যদি টিম রেজাল্ট না করে। আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে কিন্তু সেমিফাইনালে খেলিনি। দল হিসেবে অত ভালো ফলাফল করিনি। ব্যক্তিগত পারফরম্যান্স আসলে আমি কাউন্ট করিনা। মনে হয় টিমের কেউই কাউন্ট করে না। আসল হলো দল হিসেবে আমরা ভালো করছি কিনা, জিততে পারতেছি কিনা।’

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ তামিম নান্নু বাংলাদেশ বিসিবি শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…