টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা বোলারদের তোপে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। নিউইয়র্কে এনরিখ নর্টজে’র আগুনঝরা পারফর্ম্যান্সে শতরানের আগেই থেমেছে ভানিডু হাসারাঙ্গার নেতৃত্বাধীন দল। জয় দিয়ে আসর শুরু করতে প্রোটিয়াদের দরকার ৭৮ রান।
নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক ভানিডু হাসারাঙ্গা। ব্যাটারদের ভরাডুবিতে ১৯.১ ওভারে ৭৭ রানে থামে লঙ্কানদের ইনিংস।
ব্যাটে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ১৩ রানে ওপেনার পাথুম নিশাঙ্কার উইকেট হারায় দলটি। এরপর ধারাবাহিক ভাবেই উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল তিন ব্যাটার। তাও স্বস্তিদায়ক নয়।
সর্বোচ্চ ১৯ রান করেছেন কুশল মেন্ডিস। ৩০ বলের ইনিংসটিতে ছিল কেবল একটি চারের মার। ১৬ বলে ১৬ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১৫ বলে ১১ রান করেন কামিন্দু মেন্ডিস। বাকীদের মধ্যে দাসুন শানাকা ১০ বলে ৯ রান করেন।
প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন এনরিখ নর্টজে। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট নেন এই বোলার। ডানহাতি পেসারের ক্যারিয়ারসেরা বোলিং এটি। কেশব মহারাজ ও কাগিসো রাবাদা দুটি করে উইকেট নেন।







