মাস দুয়েক হয়ে গেছে প্রায়, টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার। সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিশ্বকাপের সময় কিছু ভেন্যু নিয়ে প্রশ্ন উঠেছিল। পিচগুলোর রেটিংয়ে আলোচিত নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম ও ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিকে ‘অসন্তোষজনক’ বললো আইসিসি।
মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম। ফাইনাল গড়ানো বার্বাডোজের কেনসিংটন ওভালের পাশাপাশি বাকি ভেন্যুগুলোকে দেয়া হয়েছে ‘খুব ভালো’ রেটিং।
আইসিসি সব আন্তর্জাতিক খেলার জন্য পিচ এবং আউটফিল্ডকে রেটিং দিয়ে থাকে। যেখানে খুব ভালো থেকে অযোগ্য স্কেলে রেটিং করা হয়। যেমন- খুব ভালো, ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক ও অযোগ্য।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ৭৭ রানে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৯৬ রানে থামে আয়ারল্যান্ড। মাঠে অসম বাউন্স ছিল। যার কারণে ক্রিকেটাররাও আঘাত প্রাপ্ত হয়েছিলেন। পরে মাঠের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ক্রিকেটার এবং দেশগুলোর কোচ। ম্যাচ দুটির পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দেয়া হয়েছে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে সেমিফাইনালে আফগানিস্তান ও সাউথ আফ্রিকা ম্যাচের পিচকেও ‘অসন্তোষজনক’ বলা হয়েছে। ম্যাচে প্রোটিয়াদের কাছে ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। পরে পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট।








