অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ী দলের অপরিহার্য সদস্য ছিলেন। বাঁহাতি এই পেসার নিজের জাত দেখিয়ে জাতীয় দলেও প্রবেশ করেন। টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অবধারিতভাবেই লাল-সবুজের দলের গুরুত্বপূর্ণ অংশই তাকে বলা যায়। খেলোয়াড়ি জীবনে কাছের মানুষের সমর্থন পাওয়া নিয়ে বিশ্ব আসরে যাওয়ার আগে খোলামনে কথা বলে গেছেন শরিফুল ইসলাম। টি-টুয়েন্টি থেকে আগেই অবসরে যাওয়া মুশফিকুর রহিমকে নিয়ে আলাদাভাবেই বললেন।
টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। মঙ্গলবার বোর্ড প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে কথা বলেছেন শরিফুল।
‘খেলার সময় বড় ভাইরা তো অবশ্যই সমর্থন করে। আমি যখন নিউজিল্যান্ডে খেলছিলাম, মুশফিক ভাই আমাকে একটা ভালো কথা বলেছিল। ওই কথাটা এখনো আমার কানে সবসময় লাগে। সেই কথাটা গোপন থাক।’
‘এমনিতে পরিবার আমাকে খুব সমর্থন করে। বিশেষ করে আমার স্ত্রী। সবসময় খেলতে যাওয়ার আগে ইতিবাচক কথা হয়। সব মিলায়ে ভালো লাগে আরকি।’
বল হাতে ছন্দহীন হলে নিজেকে উজ্জীবিত করার জন্য যে ভাবনাটা মাথায় আসে, শরিফুল সেটিও জানান। তার ভাষ্য, ‘মাঠে ঢুকে যদি দুই-একটা ওভার খারাপ হয়, তখন চিন্তা করি ভালো সময় আসবে। পরের ওভার ভালো করবো, ওই চিন্তা আসে।’
সাম্প্রতিককালে বাংলাদেশ দলের টি-টুয়েন্টি ফরম্যাটে পারফরম্যান্স বেশ মলিন। ২০০৭ সালে সুপার এইটে খেললেও বিশ্বকাপের বাকি আসরগুলোতে গ্রুপপর্বই পেরোতে পারেনি টিম টাইগার্স। এবারের লক্ষ্যটা কেমন, শরিফুল তাও বলেন।
‘প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে গত লাস্ট বিশ্বকাপের থেকে ভালো করার। সেক্ষেত্রে আমার ও দলেরও ইচ্ছা আছে আমরা প্রতি ম্যাচে জেতার চেষ্টা করবো।’







