টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে কাজটা এগিয়ে রেখেছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে খুব কাছে যেয়ে হার দেখতে হয়েছে। সেজন্য নেপাল ম্যাচের জন্য অপেক্ষা সেরা আটের টিকিট জোগাড়ে। তাদের বিপক্ষে জয় পেলেই পরের রাউন্ডে খেলবে টিম টাইগার্স। হারলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাট করবে লাল সবুজের দল।
সেন্ট ভিনসেন্টে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু মাঠের লড়াই। ম্যাচে জয় পেলে নির্বিঘ্নে সুপার এইটে পা রাখবে টিম টাইগার্স। হেরে গেলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ডাচরা যদি বড় ব্যবধানে লঙ্কানদের হারাতে পারে।
এমন সমীকরণে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই মাঠে নেমেছে টিম টাইগার্স।
‘ডি’ গ্রুপে পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে সাউথ আফ্রিকা। ৪ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৮। তারা সুপার এইটে চলে গেছে। ৩ ম্যাচে দুই জয় ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৪, অবস্থান দুইয়ে। তিনে আছে নেদারল্যান্ডস, ৩ ম্যাচে দুই হার ও এক জয়ে, পয়েন্ট ২। ৩ ম্যাচে নেপালের পয়েন্ট ১, টেবিলের ৩-এ আছে। সবার শেষে শ্রীলঙ্কা, ৩ ম্যাচে নেপালের সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে চারে রয়েছে তারা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।








