ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০ টি-টুয়েন্টি খেলার মাইলফল ছুঁলেন নাহিদা আক্তার। অন্যদিকে সালমা খাতুনকে পিছে ফেলে সবচেয়ে বেশি ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নিগার সুলতানা জ্যোতি। ৬৬ ম্যাচ তার অধীনে খেলেছে টিম টাইগ্রেস। অবশ্য লক্ষ্যে নেমে স্বর্ণা আক্তার একা লড়লেও ২৫ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চামারি আতাপাত্তুদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জ্যোতি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে বাংলাদেশের মেয়েরা।
ব্যাটে নেমে হাসিনি পেরেরা করেন ৭ রান, আতাপাত্তু করেন ৩২ রান। ইমেশা দুলহানি এবং হর্ষিতা সামারাবিক্রমা ৫৪ বলে ৮০ রানের একটি জুটিরে গড়ে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় শ্রীলঙ্কাকে। দুলহানি ৪০ বলে ৫৫ রান এবং সামারাবিক্রমা ৫ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৬১ রানের একটা ঝড়ো ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সুলতানা খাতুন, ১টি করে উইকেট নেন নাহিদা এবং মারুফা।
লক্ষ্য তাড়ায় নেমে দিলারা আক্তার ২৩, জুয়াইরিয়া ফেরদৌস ১৬, সোবহানা মোস্তারি ১৬ রান করেন। এদিন রানের খাতা খুলতে পারেননি জ্যোতি। দলের সর্বোচ্চ রান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। দলকে একাই টেনে নেন তিনি, ৪টি চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেন স্বর্ণা।
শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন মালকি মাদারা, অযোধ্যা এবং আতাপাত্তু।








